মেডিক্যাল কলেজে ভর্তির জন্য এক লাখ টাকা সহায়তা পাচ্ছেন সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা গ্রামের জেলেপল্লীর অদম্য মেধাবী তরুণী মারুফা খাতুন। আগামী রবিবার মারুফা ও তার পরিবারের কাছে এই অর্থ পৌঁছে দেবে নাভানা গ্রুপ।
শুক্রবার (৮ এপ্রিল) নাভানা গ্রুপের প্রধান জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরফাদুর রহমান বান্টি বলেন, `মারুফার ডাক্তার হওয়ার স্বপ্ন যাতে বৃথা না যায়, সে লক্ষ্যে এগিয়ে এসেছে নাভানা পরিবার। তার স্বপ্ন পূরণে তাকে প্রাথমিকভাবে এক লাখ টাকা দেওয়া হবে। পাশাপাশি শিক্ষা সংক্রান্ত আনুষঙ্গিক ব্যয়ভার গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, সাতক্ষীরা মেডিক্যাল কলেজে চান্স পেয়েছেন মেধাবী তরুণী মারুফা খাতুন। এমবিবিএস ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৭৪ স্কোর নিয়ে ৩৫৩৪ মেরিট পজিশনে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু তার ভর্তি ও লেখাপড়ার খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার।
তালার নলতা জেলে পল্লীর মৎস্যজীবী বাবা আজিত বিশ্বাস ও গৃহিণী তাসলিমা বেগমে তিন সন্তানের মধ্যে মারুফা বড়। তিনি তালা মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ এবং শহীদ আলী আহম্মাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকেও মাধ্যমিকে জিপিএ-৫ পেয়েছিলেন।