বলিউডের এক সময়ের আলোচিত নায়িকা আয়েশা টাকিয়া। সম্প্রতি ভারতের পর্যটন নগরী গোয়ার বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন তিনি। এমনটাই অভিযোগ করেছেন আয়েশার স্বামী ফারহান আজমি।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, আয়েশা ও তার পরিবারকে আলাদা লাইনে দাঁড়াতে বাধ্য করা হয়েছে। বিমানবন্দরে তাদের সঙ্গে উচ্চস্বরে কথা বলা হয়েছে। পাশাপাশি আর পি সিং, এ কে যাদব, কমান্ডার রাউত এবং সিনিয়র অফিসার (এসপি ক্যাটাগরি) বাহাদুর নাম উল্লেখ করে যৌন হেনস্তা এবং বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ করেছেন তিনি। সেই পোস্টে অভিযুক্ত দুই নিরাপত্তা কর্মীর ছবিও যুক্ত করেছেন ফারহান।
টুইটারে ফারহানের করা অভিযোগটি মুহূর্তেই নেটিজেনদের নজরে আসে। অন্তর্জালে হইচই পড়ে যায়। এরপরেই টুইটারের প্রতিক্রিয়ায় ক্ষমা চেয়েছে গোয়া বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের পক্ষ থেকে জানানো হয়, ভ্রমণের সময় আপনার এবং আপনার পরিবারের অসুবিধার জন্য আমরা দুঃখিত। অনুগ্রহ করে নিশ্চিত থাকুন, বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখা হবে।
প্রসঙ্গত, সমাজবাদী পার্টির নেতা আবু আজমির ছেলে ফারহান আজমি। পেশায় একজন ব্যবসায়ী। ২০০৯ সালে নায়িকা আয়েশা টাকিয়াকে বিয়ে করেন তিনি।