লোহাগাড়ায় ‘সুইসাইড নোট’ লিখে রকসি পারভিন জুবলি (১৭) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সে আইয়ুব ফাউন্ডেশন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ও পশ্চিম আমিরাবাদ সিকদার পাড়ার আবদুল গফুরের মেয়ে।
রোববার (১০ এপ্রিল) ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সেহেরির সময় জুবলিকে পরিবারের সদস্যরা ডাকলে তার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় ফ্যানের সঙ্গে ঝুলছে মরদেহ। লোহাগাড়া থানা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে একটা ছেলের সঙ্গে তার প্রেম ছিল। তার মা বাবা তাকে এসব থেকে দূরে থাকতে বলেছিলেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। মেয়েটির মরদেহ উদ্ধার করি। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মেয়েটির প্রেমঘটিত সম্পর্ক থাকতে পারে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।