টাঙ্গাইলের বাসাইলে জুয়ার জন্য টাকা ধার না দেয়ায় এক গৃহবধূকে ইট দিয়ে থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে এক আইপিএল জুয়ারির বিরুদ্ধে।
মঙ্গলবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ লিমা বেগম (২৮) ওই এলাকার প্রবাসী ময়নাল মিয়া জাহিদের স্ত্রী। নিহত গৃহবধূর সাড়ে ৪ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) ওয়াসিম মিয়াকে একমাত্র আসামি করে বাসাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের শ্বশুর। অভিযুক্ত হত্যাকারী প্রতিবেশী ফজল মিয়ার ছেলে আইপিএল জুয়ারি ট্রাক্টর চালক ওয়াসিম মিয়া (৩২)।
নিহতের শ্বশুর জোয়াহের মিয়া এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, ট্রাক্টর চালক ওয়াসিম এলাকায় একজন চিহ্নিত আইপিএল জুয়ারি। বিভিন্ন সময় লোকজনের কাছ থেকে আইপিএলে জুয়ার জন্য টাকা ধার করতেন। ঘটনার দিন লিমা বেগম মার্কেট থেকে কেনাকাটা করে বিকেলে বাড়ি আসে। লিমার প্রবাসী স্বামীর পাঠানো টাকা উত্তোলন করেছে এ ধারনায় রাতে ওয়াসিম তার কাছে টাকা চাইতে যায়। টাকা দিতে অস্বীকার করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ইট দিয়ে আঘাত করে তার মাথা থেঁতলে দেয় ওয়াসিম। লিমার ছেলে তাওহীদের চিৎকারে শ্বশুর ঘুম থেকে উঠে লিমার ঘরে গিয়ে ওয়াসিমকে জাপটে ধরলে তাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় লিমাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় নিহতের শ্বশুর জোয়াহের মিয়া বলেন, আমার নাতির চিৎকারে ঘুম ভেঙে ওই ঘরে যাই। মেঝে ও আশেপাশে রক্তে ছড়াছড়ি। ওয়াসিম ঘড় থেকে বের হবার সময় তাকে জাপটে ধরলে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আমি এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সংবাদ শুনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের শ্বশুর বাদী হয়ে বুধবার (১৩ এপ্রিল) একটি হত্যা মামলা দায়ের করেছে। আসামীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত।