দেশের কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বজ্র ও বৃষ্টি হতে পারে। আজ শুক্রবার (১৫ এপ্রিল) আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু’এক স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তাপমাত্রায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিন ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। সকাল ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ।
গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ২২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তাসারে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। আর আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৭ মিনিটে।