ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে তিনি গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
এদিকে পেশাগত দায়িত্ব পালনের সময় নিউমার্কেট এলাকায় সংঘর্ষের মধ্যে দুজন সংবাদকর্মী আহত হয়েছেন। তারা হলেন দীপ্ত টিভির প্রতিবেদক আসিফ সুমিত এবং এসএ টিভির ক্যামেরা পারসন কবির হোসেন।
সংঘর্ষে ব্যবসায়ী পক্ষের ১০ জনের বেশি আহত হয়েছেন বলে দাবি তাদের।
গতকাল ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষের পর সকাল থেকে নীলক্ষেত থেকে সাইন্সল্যাব পর্যন্ত সড়ক বন্ধ করে দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে খোলা হয়নি কোনো দোকানপাট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় ব্যবসায়ী।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। কয়েকটি ককটেল বিস্ফোরণের আওয়াজও পাওয়া গেছে।