বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় রবিউল ইসলাম রনি মোল্লা নামে এক যুবক নিহত হয়েছে। ওই হামলায় তার মা সহ অপর দুই ভাই গুরুতর আহত হয়েছে। আহত দুই ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের সোনাপুরা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
স্বজনরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হাতকাটা মামুনের সঙ্গে রনি মোল্লার পূর্ব বিরোধ চলছিলো। মঙ্গলবার রাত ১২টার দিকে মামুনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্রসহ রনির বাড়িতে হামলা চালায়। তারা ঘরের সামনের এবং পেছনের দরজা ভেঙ্গে ঘরের ভেতর ঢুকে রনি, সোহেল ও তৌকির মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে। তাদের রক্ষা করতে গেলে তাদের মা মোর্শেদা বেগমকেও পিটিয়ে আহত করে হামলাকারীরা। এক পর্যায়ে তারা নগদ অর্থসহ বাসার যাবতীয় মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। হামলার পর স্থানীয়রা ৩ ভাইকে উদ্ধার করে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে রনি মোল্লাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসকরা। এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন স্বজনরা। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।