মোঃ তারিকুল ইসলাম, রাংগামাটি প্রতিনিধিঃ- ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াইয়ে পরাজিত হয়ে শেষ নি:শাস ত্যাগ করেছেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলম মাত্র ৬০ বছর বয়সেই চলে গেলেন পার্বত্য চট্টগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম সভাপতি তুখোর সংগ্রামী,নিপাট ভদ্রলোক এই নেতা।
বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় চট্টগ্রাম শহরের সিএসসিআর-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্নানিল্লাহে… রাজেউন)।
দীর্ঘদিন ধরে মাথায় টিউমারজনিত কারণে চিকিৎসাধীন এই নেতার রোগ এক পর্যায়ে ক্যান্সারে রূপান্তরিত হয়।
রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তার মরদেহ রাঙামাটি নিয়ে আসা হবে এবং পরিবারের সাথে আলোচনার পর ঠিক কয়টা বাজে,কোথায় ,কখন জানাজা হবে সেটা জানিয়ে দেয়া হবে।
রাঙামাটি সরকারি কলেজের সাবেক ছাত্র শাহ আলম ছাত্রজীবন থেকেই ছাত্রদল হয়ে বিএনপির রাজনীতিতে জড়িত হন। পেশায় ঠিকাদার এই নেতা রাঙামাটি পৌর বিএনপির সভাপতি,জেলা বিএনপির সাধারন সম্পাদক হয়ে সর্বশেষ দুই দফায় জেলা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হন। নেতাকর্মীদের কাছে বিপুল জনপ্রিয় এই নেতার মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে পুরো বিএনপি পরিবার।