ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিটে অনলাইনে ভোগান্তির কথা জানিয়েছেন অনেকে। শনিবার সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইটে ঢুকে টিকিট কাটা যাচ্ছিল না। যদিও স্টেশন ম্যানেজার জানান, সার্ভার ডাউন থাকায় এ অবস্থা তৈরি হয়েছে।
ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনেই ভোগান্তিতে পড়েছেন অনলাইনে টিকিটপ্রত্যাশীরা।
শনিবার সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইটে ঢুকে টিকিট কাটা যাচ্ছিল না। ওয়েবসাইটে একটি বার্তা লিখে ধৈর্য ধরতে বলেছিল কর্তৃপক্ষ। এরপর সোয়া ৯টার দিকে ওয়েবসাইট স্বাভাবিক হয়।
প্রথম দিনেই রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইটে এক ঘণ্টারও বেশি সময় ধরে ইংরেজিতে তিনটি বাক্য লেখা ছিল, যার বাংলা করলে দাঁড়ায়, ‘আপনি আমাদের কাছে খুবই মূল্যবান। মানসম্পন্ন পরিসেবা নিশ্চিত করতে আমরা আপনাকে লাইনে রাখছি। ধৈর্য ধরার জন্য আপনাকে ধন্যবাদ।’
অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনেই বাংলাদেশ রেলওয়ের এমন সেবা নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করছেন টিকিটপ্রত্যাশীরা।
এদিকে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট দেয়া শুরু হয়েছে কাউন্টারে। শনিবার (২৩ এপ্রিল) দেয়া হচ্ছে ২৭ এপ্রিলের অগ্রিম টিকিট।
টিকিট পেতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন যাত্রীরা। প্রচণ্ড ভিড়ে টিকিট না-ও পেতে পারেন এমন চিন্তায় অনেকে শুক্রবারই স্টেশনে চলে আসেন। সেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে তাদের।
ঈদুল ফিতরকে সামনে রেখে এদিন সকাল ৮টা থেকে রাজধানীর পাঁচটি স্টেশনে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
উল্লেখ্য, ২৩ এপ্রিল পাওয়া যাবে ২৭ এপ্রিলের টিকিট, ২৮ এপ্রিলের টিকিট ২৪ এপ্রিল, ২৯ এপ্রিলের টিকিট ২৫ এপ্রিল, ৩০ এপ্রিলের টিকিট ২৬ এপ্রিল ও ১ মে’র টিকিট ২৭ এপ্রিল বিক্রি করা হবে। অগ্রিম টিকিট বিক্রি নির্ধারিত দিনে সকাল ৮টায় শুরু হবে। যেসব স্টেশনে টিকিট বিক্রি করা হবে, তার সবগুলোতে নারী ও প্রতিবন্ধীদের জন্য পৃথক কাউন্টার থাকবে।
ঈদের অগ্রিম টিকিট পাওয়া যাবে পাঁচটি রেলস্টেশন থেকে। কেন্দ্রগুলো হলো-কমলাপুরে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ও খুলনাগামী স্পেশাল ট্রেন, ঢাকা বিমানবন্দর স্টেশনে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেন, তেজগাঁও স্টেশনে ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ স্পেশালসহ সব আন্তঃনগর ট্রেন, মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেসের টিকেট ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন, ফুলবাড়ীয়া পুরাতন রেলওয়ে স্টেশন থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী আন্তঃনগর ট্রেনের টিকিট দেয়া হবে।
এদিকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১ মে থেকে।