মাদারীপুর জেলার কালকিনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বি তালুকদার (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে কালকিনি উপজেলার ফাসিয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।
রাব্বি কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ও একই গ্রামের মোস্তফা তালুকদারের ছেলে।
জানা গেছে, সকালে বাজারে থেকে ফিরে তার বাবার সঙ্গে নিজেদের জমিতে পানি দিতে বের হয় সে। মোটর সুইচ দিতে গেলে রাব্বি বিদ্যুৎতায়িত হয়ে পড়ে। চিৎকার শুনে তার বাবা ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার রিয়াদ মাহমুদ জানান, রাব্বিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।