ভোলার বোরহানউদ্দীন উপজেলায় ২০১৯ সালের ১৮ অক্টোবর অন্যের ফেইজবুক হ্যাক করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানো মামলার রায়ে বাপন দাস নামে একজনকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল।
আজ রোববার (২৪ এপ্রিল) দুপুর পৌনে ১২ টার দিকে বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ গোলাম ফারুক এই রায় ঘোষণা দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসতাক আহমেদ রুবেল চ্যানেল 24-কে জানান, বাপন দাসকে ৩ টি ধারায় কারাদণ্ড দেয়া হয়েছে। সবগুলো ধারার রায় চলবে একই সাথে। ৩৪ ধারায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ২ বছরের কারাদণ্ড, ২৮/১ ধারায় ২ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং ৩১/১ ধারায় ৪ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
২০১৯ সালের ১৮ অক্টোবর বিপ্লব চন্দ্র শুভ নামে একটি ফেইজবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার ঘটনা ঘটে । এ ঘটনায় ওই দিনই বিপ্লব চন্দ্র তার ফেইজবুক আইডি হ্যাক হয়েছে বলে ভোলার বোরহানউদ্দীন থানায় একটি জিডি করেন। এ ঘটনায় পুলিশ বিপ্লব চন্দ্র, মোঃ ইমন, মোঃ রাফসান নামে ৩ জনকে গ্রেপ্তার করে। তবে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই ৩ জনকে অব্যাহতি দেয়া হয়।
অপরদিকে তথ্য প্রযুক্তির সহায়তায় ২০২০ সালের ২৬ জানুয়ারি এ ঘটনার সাথে জড়িত থাকায় বাপন দাস নামে একজন হ্যাকারকে গ্রেপ্তার করে পুলিশ। সে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে। আদালতে তার বিরুদ্ধে ২০২১ সালের পহেলা আগস্ট অভিযোগ পত্র দেয়া হয়।
এর আগে ২০১৯ সালের ২০ অক্টোবর বোরহান উদ্দিন ঈদগা মাঠে তৈহিদি জনতা বিক্ষোভ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদে। সে সময়ে পুলিশের সাথে সংঘর্ষ হয়। গুলিতে ৪ জন তৈহিদি জনতার সদস্য নিহত হন। ওই ঘটনায় বোরহান উদ্দিন থানায় আরও দুটি পৃথক মামলা দায়ের হয়। যা এখনো আদালতে বিচারাধীন।