রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষার অন্যতম আন্দোলনকারী সৈয়দা রত্না এবং তার কলেজপড়ুয়া ছেলে ইশা আব্দুল্লাহকে আটকের প্রায় ১২ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ।
রোববার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে তেঁতুলতলা মাঠে ফেসবুক লাইভ করার সময় তাদের আটক করে পুলিশ। রাত ১০টার পর তারা ছাড়া পান।
রাত ১২টার দিকে নিউমার্কেট জোনের এসি ফারুক মোহাম্মদ শরিফুজ্জামান ঢাকা মেইলকে জানান, মা ও ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের নামে এখনও কোনো মামলা হয়নি।
পুলিশ কর্মকর্তা জানান, ওই নারী নিজের ভুল বুঝতে পেরেছেন। বিষয়টি বুঝতে না পেরে আবেগে তিনি বাধা দিয়েছিলেন। সরকারি কাজে আর কখনও মা-ছেলে বাধা দেবেন না এই মর্মে মুচলেকা দিয়েছেন। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তারা এখন পরিবারের জিম্মায় আছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, তেঁতুলতলা এলাকার এক বিঘা জমিতে পাকিস্তান আমলে এক পরিবার বাস করত। তারা যুদ্ধের সময় পাকিস্তানে চলে যায়। বিহারি সেই পরিবার আর ফিরে আসেনি। সেই এক বিঘা জমিটি ঢাকা সিটি করপোরেশন থানা ভবন নির্মাণের জন্য বরাদ্দ দিয়েছে।
22
রত্নার পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকালের দিকে তেঁতুলতলা মাঠের কাজের জন্য ইট-সুরকি ফেলা হচ্ছিল। এই দৃশ্য দেখে রত্না সেখানে যান এবং ছেলেকে নিয়ে প্রতিবাদ করেন। এক পর্যায়ে তিনি ফেসবুক লাইভ করেন। ওই সময় তাকে পুলিশ ধরে গাড়িতে তোলে। এর কিছুক্ষণ পরে তার কলেজপড়ুয়া ছেলেকে ধরে নিয়ে যাওয়া হয় থানায়।
তাদের আটকের পর থেকে পুলিশ বিষয়টি অস্বীকার করে আসছিল। তবে ১২ ঘণ্টা পর মা ও ছেলেকে ছেড়ে দেওয়ার বিষয়টি পুলিশ নিশ্চিত করে।