চট্টগ্রামের মিরসরাইয়ে ঘুরতে এসে গাড়ির ধাক্কায় আরাফাত হোসেন (১৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে গুরুতর আহত হয়েছে অপর এক আরোহী। তাকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।
নিহত আরাফাত ফেনীর সোনাগাজী থানার চরশাহপুর এলাকার মো. মোশাররফ হেসেনের ছেলে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নিবাস বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আরাফাত নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।