সাজ্জাদ মাহমুদ মনির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ ছাতকে অগ্নিকান্ডে মালামালসহ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ছাতক পৌরসভার ২ নং ওয়ার্ডের নোয়ারাই ইসলামপুর মহল্লার দিনমজুর আলাল মিয়ার বসতঘর অগ্নিকাণ্ডে ছাই হয়ে যায়।

রান্না ঘরের চুলা থেকে অগ্নি কান্ডের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা। শুক্রবার রাতে হঠাৎ অগ্নিকান্ডে বসত ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন বার বার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন।
অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক সিলেট থেকে ঘটনা স্থলে ছুটে আসেন সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা সাদমান মাহমুদ সানি। তিনি এ সময় হত দরিদ্র আলাল মিয়ার পরিবারকে শান্তনা দেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে তিনি আর্থিক সহায়তা প্রদান করেন এবং ক্ষতিগ্রস্ত ঘর নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন। এসময় পৌর কাউন্সিলর আফরোজ মিয়াসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।