কোথাও জায়গা না পেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাড়িতে কলাবাগান থানার জন্য ভবন নির্মাণ করার প্রস্তাব দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা ভবন স্থাপনের প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।
জাফরুল্লাহ বলেন, থানা ভবন বানানোর জন্য কোথাও জায়গা না পেলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী- আপনার বাড়ির একটু জায়গা দিয়ে দিন। তাতে আপনার সুনামও হবে। আর কোথাও যদি জায়গা না পান তবে পাশের বহুতল ভবনের চারতলা-পাঁচতলা নিয়ে নেন। সেখানে থানা করেন।
তেঁতুলতলা মাঠ ‘শিশুদের ফুসফুস, বয়স্কদের ফুসফুস’ বলে উল্লেখ করে তিনি বলেন, এ ফুসফুস নষ্ট করতে দেওয়া যাবে না। এখানে থানা নির্মাণের অন্যায় অনুমতি দেওয়া হলেও আমরা তা মেনে নেব না।
মাঠ রক্ষায় বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে জাফরুল্লাহ আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি যাওয়া চলবে না। আমরা সম্মিলিতভাবে এই মাঠ রক্ষা করব। মাঠের পাশে দেয়াল, ইট-বালু ছুড়ে ফেলার আন্দোলনে আমি আপনাদের সঙ্গে থাকব।