নির্মাতা সত্যজিৎ রায়ের ‘চারুলতা’ অসুস্থ। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে হঠাৎ করেই শরীর খারাপ হয় বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের। পরে তাকে দ্রুত আলিপুরের একটি বেসরকারি হাসপাতাল উডল্যান্ডসে ভর্তি করানো হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, বর্ষীয়ান এই অভিনেত্রীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। আর আপাতত তিনি মেডিসিন বিভাগের চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।
অভিনেত্রী মাধবী দীর্ঘদিন ধরেই রক্তাল্পতার সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার রক্তে শর্করার মাত্রা নিয়ে সমস্যাও রয়েছে। এছাড়া আরও কিছু শারীরিক জটিলতাও রয়েছে তার।
শুক্রবার হঠাৎ অসুস্থ বোধ করায় অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। দীর্ঘদিন ধরেই অ্যামোনিয়ার সমস্যায় ভুগছিলেন তিনি। শরীরে সোডিয়াম ,পটাশিয়ামের মাত্রাও বেশ কমে গিয়েছিল তার।
এদিকে অভিনেত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, করোনার জন্য এতদিন হাসপাতালে এনে ঠিক মতো পরীক্ষা করানো যায়নি। কিন্তু হঠাৎ সুগার বেড়ে যাওয়ায় চিকিৎসকরে পরামর্শে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয়া হয়।
অভিনেত্রীর মেয়ে মিমি ভট্টাচার্য বলেছে, করোনার কারণে দীর্ঘদিন মাকে হাসপাতালে চেকআপ করানো হয়নি। ফলে জটিলতা তৈরি হয়েছিল। আপাতত মা সুস্থ আছে। আর ডাক্তার বলেছে চিন্তার কারণ নেই।
প্রসঙ্গত, দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য বাংলা সিনেমায় কাজ করেছেন মাধবী মুখোপাধ্যায়। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো ‘২২শে শ্রাবণ’, ‘সুবর্ণরেখা’, ‘মহানগর’, ‘কাপুরুষ’, ‘শঙ্খবেলা’ ইত্যাদি। তিনি ঋত্বিক ঘটক, তপন সিনহা, সত্যজিৎ রায়ের মতো কিংবদন্তি পরিচালকের সঙ্গে কাজ করেছেন। আর কাজের স্বীকৃতিস্বরূপ রাজ্যের বঙ্গবিভূষণ সম্মান পেয়েছেন।