রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের আমতলী এলাকায় ট্রাকের ধাক্কায় মাহবুবুর রহমান নামে এক প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন।
শনিবার সকাল ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুবুর সিরাজগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া এলাকার বাসিন্দা।
গান্ধীমারা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, কুষ্টিয়ার দিকে যাচ্ছিল একটি ট্রাক। পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের আমতলী এলাকায় পৌঁছালে রাজবাড়ীমুখী একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয় ট্রাকটি। এ সময় দুটি গাড়ি খাদে পড়ে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক মাহবুবুর রহমান নিহত হন। প্রাইভেটকারটিতে কোনো যাত্রী ছিল না।
ওসি আরো জানান, ঘটনার পর ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।