সাহানা, পল্লবীর পর এবার সেই তালিকায় যুক্ত হলো ২৬ বছরের দক্ষিণী অভিনেত্রী ও মডেল শেরিন সেলিন ম্যাথিউর নাম। মঙ্গলবার (১৭ মে) কেরালার এডাপ্পলি শহরের চাক্কারাপারম্বুর এলাকার ভাড়া বাসা থেকে অভিনেত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ কর্মকর্তারা। পুলিশ কর্মকর্তারা শেরিনের অ্যাপার্টমেন্টে পৌঁছে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এছাড়া পুলিশ, শেরিনের মোবাইল ফোনের ক্যামেরাটিকেও চালু থাকা অবস্থায় উদ্ধার করেছে, যা থেকে পুলিশ সদস্যরা ধারণা করছেন, কারোর সঙ্গে ভিডিও কল করতে করতেই আত্মহত্যা করেছেন তিনি।
ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, মঙ্গলবার (১৭ মে) সকালে শেরিনের রুমমেটরা সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে প্রথম দেখতে পায়। মৃত্যুর কারণ হিসেবে শেরিনের রুমমেটরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কয়েক দিন ধরে বন্ধুদের সঙ্গে ঝামেলা চলছিল শেরিনের। এ কারণে বিষণ্ণতায় ভুগছিলেন তিনি।
ইতোমধ্যেই পুলিশ তার ঘনিষ্ঠ বন্ধুদের জবানবন্দি গ্রহণ করেছে। ২৬ বছর বয়সী এই মডেল একজন রূপান্তরিত নারী ছিলেন। পাঁচ বছর ধরে কেরালায় বাস করছিলেন তিনি। ইতোমধ্যেই পুলিশ শেরিনের অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের করেছে। তবে পুলিশের প্রাথমিক ধারণা শেরিন আত্মহত্যা করেছেন। খুব দ্রুতই শেরিনের মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হবে বলে জানা গেছে।