শ্রীলঙ্কা এই মুহূর্তে নজিরবিহীন অর্থনৈতিক সংকটের যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ঘাটতির কারণে ঋণশোধে ব্যর্থ হয়ে নিজেকে ইতোমধ্যে দেউলিয়া ঘোষণা করেছে দেশটি। এমন পরিস্থিতিতে দেশটিতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এমতাবস্থায় আয়োজক দেশের পরিবর্তন আনতে পারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
দ্বীপরাষ্ট্রটি থেকে যদি আয়োজক দেশের পরিবর্তন আনা হয় তাহলে সে ভার পড়তে পারে বাংলাদেশের উপর। এশিয়া কাপের পরবর্তী আয়োজক হতে পারে বাংলাদেশ। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকেটডটকম।
আইপিএলের ফাইনালের দিন এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এসিসি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না নিলেও ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজন করতে না পারলে বাংলাদেশে টুর্নামেন্ট আয়োজন করতে চায় এশিয়ার সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। আরব আমিরাতের নাম উঠে আসলেও সেখানে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন এসিসির এক কর্মকর্তা।
এসিসির ওই কর্মকর্তা বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশ কেবলই একটি অপশন এবং চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগে এসিসি শ্রীলঙ্কার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আগষ্টের শেষ দিকে এবং সেপ্টেম্বরের শুরুতে আরব আমিরাতে ম্যাচ আয়োজনের বিকল্প নয়। ’
মহামারি করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের এশিয়া কাপ পিছিয়ে দেয়া হয় এক বছর। কিন্তু বছর পেরিয়েও নির্ধারিত সময়ে আশার আলো দেখতে ব্যর্থ হয় এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজনের।
চলতি বছরে করোনার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় এশিয়া কাপ নিয়ে ইতিবাচক পথেই হাঁটছিল এসিসি। তবে আবারও অনিশ্চয়তার মুখে পড়তে হচ্ছে এশিয়া কাপকে। এবার অবশ্য কারণ করোনাভাইরাস নয়, বরং আয়োজক দেশের ভয়াবহ আর্থিক সংকট। আগামী ২৭ আগস্ট থেকে শ্রীলঙ্কায় পর্দা ওঠার কথা এশিয়া কাপের। কিন্তু আয়োজক দেশটি ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে ।