সম্প্রতি ঢাকার একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সেখানে উপস্থিত ছিলেন দীঘিও। তখন সানির সঙ্গে আলাপ হয় তার। ছবিও তোলেন সানির সঙ্গে।
সেসময়ের সাক্ষাৎ প্রসঙ্গে দীঘি গণমাধ্যমকে বলেছিলেন, ‘সানি খুবই ভালো, লক্ষ্মী’। মন্তব্যটি ভাইরাল হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ব্যাপক হাসাহাসি হয়। এমনকি কেউ কেউ তো দীঘিকে সানি লিওনের সঙ্গেও তুলনা করে বসেন!
এ বিষয়ে দীঘি কী মনে করেন? সানি লিওনের সঙ্গে কি তার মিল আছে? একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে এমন প্রশ্ন করা হয় দীঘিকে। জবাবে তিনি বলেন, ‘আমি তো আমার সঙ্গে সানি লিওনের কোনো মিল পাই না। কারণ দুইটা ভিন্ন দেশের মানুষ আমরা। বয়সের ব্যবধানও তো অনেক। আমার পরিচয় একদমই আলাদা। আমি দীঘি, বড় হয়েও দীঘি, আবার শিশুশিল্পী হিসেবেও দীঘি, ভবিষ্যতেও তাই থাকব।’
শিশু শিল্পী হিসেবে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকের নজরে আসেন দীঘি। কাজী হায়াৎ পরিচালিত কাবুলিওয়ালা শিশু শিল্পী হিসেবে তার প্রথম চলচ্চিত্র। এরপর বহু চলচ্চিত্রে কাজ করেছে দীঘি। ২০২১ সালে তুমি আছো তুমি নেই চলচ্চিত্রের মাধ্যমে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে পুনরায় চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।
নায়িকা হিসেবে তুমি আছো তুমি নেই ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন দীঘি। এরপর টুঙ্গিপাড়ার মিয়া ভাই ছবিতে দেখা গেছে তাকে। বর্তমানে বেশ কয়েকটি ছবির কাজ হাতে আছে দীঘির।