চট্টগ্রামের মীরসরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. হারুন নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার সমিতি বাজারে এ ঘটনা ঘটে।
নিহত হারুনের(২৬) বাড়ি খাগড়াছড়ির রামগড় থানার মাস্টারপাড়া এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে।
চট্টগ্রাম পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, দুপুর ১টার দিকে গুরুতর আহত অবস্থায় হারুনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, স্বজনরা জানিয়েছেন সকালে সালাউদ্দিন নামে এক সিএনজিচালকের সঙ্গে হারুনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে হারুনকে দা দিয়ে কোপ দেয় সালাউদ্দিন। এতে গুরুতর আহত হন। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে পাঠানো হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দা দিয়ে কুপিয়ে হারুনকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি এলাকা থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’