ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মীরসরাইয়ের বারইয়ারহাটে র‌্যাব সদস্যদের গণপিটুনি, গ্রেফতার আতঙ্কে মার্কেট বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৩৫ বার পঠিত

মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরবাজারে ডাকাত সন্দেহে দুই র‌্যাব সদস্যসহ তিন জনকে গণপিটুনি দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য বুধবার (২৫ মে) রাতভর বারইয়ারহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। হামলায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য প্রায় ১৫ জনকে আটকের অভিযোগ উঠলেও এ বিষয়ে র‌্যাব কিংবা পুলিশের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বুধবার সন্ধ্যায় বন্ধ করা বারইয়ারহাট পৌরবাজারের অনেক দোকান বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যা পর্যন্ত খোলা হয়নি। গ্রেফতার আতঙ্কে ব্যবসায়ী ও স্থানীয়রা বাজারে আসছেন না। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বাজারে র‌্যাব ও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

বৃহস্পতিবার বিকালে সরেজমিন ঘটনাস্থলে গেলে দেখা যায়, পৌর বাজারের শান্তিরহাট সড়কের পাশের ভানু মার্কেটের সবকটি ফুল ও স্টেশনারি দোকান বন্ধ রয়েছে। এ সময় স্থানীয় জামালপুর গ্রামের একটি পরিবারের লোকজন তাদের এক সন্তানকে (ভানু মার্কেটের দোকানদার) খুঁজে পাচ্ছেন না বলে এ প্রতিবেদককে জানান।

অবশ্য পরে মার্কেটের পাশের এক দোকানি জানান, বুধবারের ঘটনা তদন্তে র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পে প্রায় ১৫ জনকে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে ব্যবসায়ী ও স্থানীয় কয়েকজন যুবক রয়েছেন। অবশ্য বিষয়টি র‌্যাব ও পুলিশের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে বুধবারের ঘটনা সম্পর্কে বারইয়ারহাট পৌর এলাকার দোকানদার থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। মূলত তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। ভয়ে কেউ বাজারে অবস্থান করছে না।

বুধবার (২৫ মে) সন্ধ্যা ৭টার সময় বারইয়ারহাট পৌর বাজারের উত্তর পাশে একটি ট্রাককে পেছনে থাকা র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলে ট্রাকটি না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় ট্রাকটি বারইয়ারহাট পৌর বাজারের ফুট ওভারব্রিজ বরাবর এসে থামানোর পর ড্রাইভার ডাকাত ডাকাত বলে চিৎকার করে। পরবর্তীতে স্থানীয়রা প্রাইভেটকারে সিভিল ড্রেসে থাকা র‌্যাব সদস্যদের গণধোলাই দেয়। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্যসহ তিন জন আহত হন। আহতরা হলেন, র‌্যাবের সৈনিক মো. শামীম কাউসার (২৯), আনসার ব্যাটালিয়নের সদস্য মোখলেস (৩৩), র‌্যাবের সোর্স পারভেজ (২৮)। তাদের মাথা ও শরীরে প্রচুর জখম হয়েছে। আহত র‌্যাব সদস্যদেরকে বারইয়ারহাট জেনারেল হাসপাতাল ও বারইয়ারহাট মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার রাতে আশঙ্কাজনক অবস্থায় মো. শামীম কাউসার ও মোখলেসকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। আহত পারভেজকে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন বলেন, র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত থানায় কোনও মামলা করেনি র‌্যাব। এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা সে বিষয়ে আমরা অবগত নই। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বারইয়ারহাট বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের ও জড়িতদের গ্রেফতারের বিষয়ে জানতে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছারের মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি। যে কারণে তাদের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102