রাজধানীর শাহজাহানপুরে দাম্পত্য কলহের জের ধরে শরীরে আগুন দিয়েছেন গৃহবধূ পাপিয়া সারোয়ার মিম (১৭)। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, মিমের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে।
শনিবার (২৪ মে) দুপুরে বাগিচাঝিল মসজিদ এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
মিম ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। বাবার নাম আরশাদ মিয়া, মা পারভীন। পরিবারের তিন সন্তানের মধ্যে সবার বড় মিম। তিনি স্বামীর সঙ্গে বাগিচারঝিল এলাকায় থাকতেন।
দগ্ধ মিমের মা পারভীন বলেন, আমার মেয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা। তিন বছর আগে পারিবারিকভাবে তার সঙ্গে রাম্মিমের বিয়ে হয়। বেশ কিছুদিন ধরে তাদের সংসারে দাম্পত্য কলহ চলছিল। রাম্মিমের চরিত্র ভালো নয়। বিভিন্ন কারণে সন্দেহ করতো। আজকে জানতে পারি- স্বামীর মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে মিম শরীরে আগুন দিয়েছে। পরে হাসপাতালে গিয়ে তাকে দগ্ধ অবস্থায় দেখতে পাই।
এদিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মিমের স্বামী বলেন, শুক্রবার রাতে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে। আমি তাকে সন্দেহ করতাম। ফলে আমার স্ত্রী নিজের শরীরে আগুন দিয়েছে।
এ বিষয়ে ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, চিকিৎসকরা জানিয়েছেন মিমের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি চিকিৎসাধীন রয়েছেন।