মার্কিন অঙ্গরাজ্য টেক্সাসের ছোট উভালডে শহরের রব এলিমেন্টারি স্কুলের শিক্ষিকা ইভা মিরেলেস (৪৪) ও ইরমা গার্সিয়ার (৪৮) নাম এখন মুখে মুখে। সম্প্রতি স্কুলটিতে বন্দুকধারীর হামলায় নিহত ১৯ জনের মধ্যে তারা দুজনও ছিলেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার টেক্সাসের ওই স্কুলে হামলার পর থেকে গার্সিয়া ও মিরেলেসের সাহসিকতা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রশংসিত হচ্ছে।
মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এই দুই শিক্ষক গুলি থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে সব রকমের চেষ্টা করেছিলেন।
মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসকে নিহত গার্সিয়ার ভাতিজা জন মার্টিনেজ জানান, গোলাগুলির পর যখন শিক্ষক গার্সিয়াকে উদ্ধার করা হয়, তখন তিনি শিশুদের বুকে জড়িয়ে ধরা অবস্থায় ছিলেন। চরম বিপদের সময়েও তিনি বুকে আগলে শিক্ষার্থীদের জীবন রক্ষার জন্য চেষ্টা করেছেন। তিনি একজন হিরো।
গার্সিয়ার মৃত্যুর মাত্র দুই দিন পরে তার স্বামী জো গার্সিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্ত্রীর শোকেই মৃত্যু হয় তার। নিহত গার্সিয়া ও মিরেলেস পাঁচ বছর ধরে একই শিক্ষক দলে ছিলেন।
উভালডে শহরের বাসিন্দা ও শিক্ষাবিদ নাতালি এরিয়াস বলেন, ইভা মিরেলেস ও ইরমা গার্সিয়া আমাদের স্কুলের খুবই ভালো শিক্ষক ছিলেন। তারা যখন ক্লাস নিতেন তখন শিক্ষার্থীরা মজা, আনন্দে মেতে থাকত। শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পড়াশোনা করত। সবাই এই দুই শিক্ষককে ভালোবাসত।
প্রতিবেদন থেকে জানা গেছে, ১৭ বছর ধরে দায়িত্বে থাকা ইভা মিরেলেস ছিলেন চতুর্থ গ্রেডের শিক্ষক। যুক্তরাষ্ট্রে এই ধাপের শিক্ষকরা সৃজনশীল ও দায়িত্বশীল কাজে যুক্ত থাকেন। তিনি নিঃস্বার্থভাবে শিক্ষার্থীদের জীবন রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। মিরেলেস বিশেষ শিশুদেরও শিক্ষা দিতেন।
অন্যদিকে ২৩ বছর ধরে শিক্ষকতা করেছেন গার্সিয়া। পুরো সময়টাই তিনি রব এলিমেন্টারি স্কুলে কাটিয়েছেন। গার্সিয়া বিবাহিত ছিলেন। তার চার সন্তান। দুজন ছেলে ও দুজন মেয়ে। তাদের বয়স ১২ থেকে ২৩ বছরের মধ্যে। এমন সুন্দর পরিবার ও শিশুদের নিয়ে বেশ দিন কাটাচ্ছিলেন তিনি।