বান্দরবানের বাকীছড়ায় পাহাড়ে ঢালু পথ থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মে) বিকেলে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকীছড়ায় পাহাড়ের ঢালু পথে পায়ে হেঁটে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবার সময় বৃষ্টিতে পিচ্ছিল হয়ে যাওয়া পাহাড়ি পথ থেকে পা পিছলে পাহাড়ি ঝিড়িতে পড়ে যায় এক পাহাড়ি। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের নাম মেমং মারমা (৫৫)।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। নিহতের বাড়ি রোয়াংছড়ি উপজেলায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক কারিমুজ্জামান জানান, বাকীছড়াতে পাহাড়ের ঢালু পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।