মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি : বুধবার (১ জুন) গভীর রাতে ফকিরহাটের লখপুর গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গভীর রাতে একদল মুখোশধারী ডাকাত মই দিয়ে দেয়াল টপকে মহিবুল হকের বাড়ীর ভেতরে প্রবেশ করে। এরপর ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভেতর ঢুকে জিনিসপত্র তছনছ করে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। ফলে ঘর থেকে আসলে কি পরিমাণ জিনিসপত্র খোয়া গেছে তা পুলিশ জানাতে পারেনি।
মুখোশধারী ওই ডাকাতদল এরপর মহিবুল হকের বাড়ির সামনে বসবাসকারী তার চাচাতো ভাই শহিদুল হক সাবুর বাড়ির গ্রিল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর বাড়ির সকলকে কাপড় দিয়ে বেঁধে রেখে আলমারি ভেঙ্গে নগদ দুই লাখ ৪০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায় বলে গৃহকর্তা শহিদুল হক সাবু জানিয়েছেন।
খবর পেয়ে বাগেরহাট জেলার পুলিশ সুপার কেএম আরিফুল হক, এএসপি (সার্কেল) আসিফ ইকবাল ও ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামানসহ আরও পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।