সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনকালে পরীক্ষার্থী স্ত্রীকে উত্তরপত্র সরবরাহ করতে গিয়ে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
আটক শিক্ষকের নাম হাবিবুর রহমান (৩৬); তিনি দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক। তার স্ত্রীর নাম আক্তারিনা পারভীন। শুক্রবার (৩ জুন) সকালে দিনাজপুর সদর উপজেলার পৌরশহরে অবস্থিত দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে দৈনিক প্রথম আলো জানায়, পরীক্ষা শুরুর ২০ মিনিট পরে হাবিবুর স্ত্রীর পরীক্ষাকক্ষে ঢুকে উত্তরপত্রের একটি কপি তার হাতে দিয়ে চলে যান। এ সময় কক্ষের অন্য পরীক্ষার্থীরা বিষয়টি দেখে ফেলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কক্ষ পরিদর্শন করতে এলে অন্য পরীক্ষার্থীরা উত্তরপত্র সরবরাহের বিষয়টি বলে দেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই পরীক্ষার্থী এবং তার স্বামী ঘটনার সত্যতা স্বীকার করলে পুলিশ হাবিবুর রহমানকে আটক করে।
এ ঘটনায় ওই কলেজের অধ্যক্ষ কোতোয়ালি থানার পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে জানিয়েছেন। এদিকে একই দিন নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে আরও ৯ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
কোতোয়ালি থানার পুলিশ জানায়, আটক সবার বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে মামলা হয়েছে। তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার অন্যরা হলেন- দিনাজপুর কারিগরি ইনস্টিটিউট কেন্দ্র থেকে জয়ন্ত কুমার সরকার (৩০), এস আর পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে রবিউল ইসলাম (৩০), কেবিএম কলেজ কেন্দ্রে বেলী আক্তার (৩০), সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ববিতা অধিকারী (৩২) ও মোর্শেদা খাতুন, চেহেলগাজী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মিতা রায়, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে রুবাইয়াত ফারহান। এছাড়া হাসিবুর রহমান ও মনহাজুল ইসলাম নামের দুই ব্যক্তিকে কেন্দ্রের বাইরে থেকে আটক করা হয়েছে।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, বিভিন্ন কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে ১০ জনকে আটক করা হয়েছে। পাবলিক পরীক্ষা আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ (শনিবার) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।