চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আরও চারটি কনটেইনারে রাসায়নিক রয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে সেনাবাহিনী। সোমবার (৬ জুন) দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম দুর্ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, আরও চারটি কনটেইনারে রাসায়নিক (কেমিক্যাল) রয়েছে। যেসব কনটেইনারে ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে। তা বন্ধের চেষ্টা চলছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর বাকি কাজ করা হবে।’
সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, ‘সেনাবাহিনী রবিবার থেকে দুর্ঘটনাস্থলে কাজ করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসকে সহায়তা করছে।’
শনিবার রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এরপর সেখানে কেমিক্যাল কনটেইনারের বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক। তারা ঢাকা ও চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।