পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াসিন হাওলাদার (৫০) নামের এক মুদি দোকানীর বিরুদ্ধে এক যুবতীকে(১৮) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে ওই যুবতী ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় যুবতীর মা কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।
মামলা সূত্রে জান যায়, লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের ওই যুবতীর মা ও বাবা প্রতি রাতেই নদীতে মাছ শিকারে যান। এ সুযোগে প্রায় ৮ মাস আগে মুদি দোকানী ইয়াসিন তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ওই যুবতীকে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। এ সময় এ ঘটনা কাউকে বললে ওই যুবতীকে মেরে ফেলারও হুমকি দেয় সে। পরে ওই যুবতীর দুই মাস আগে বিয়ে হয়। গত ৪ জুন স্বামীর বাড়িতে বসে তার শারীরিক পরিবর্তন দেখে বিষয়টি ধরা পরে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ওই যুবতীকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।