চট্টগ্রাম নগরের দেউড়িতে আন্তর্জাতিক বাণিজ্যমেলায় স্টল বসানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মোহাম্মদ মঈনুদ্দিন নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
বৃহস্পতিবার ভোরে কাজীর দেউড়ির দুই নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
নিহত মঈনুদ্দিন নগরের চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা এলাকার আব্দুল মাবুদের ছেলে। আহত মোবারক কাজীর দেউড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবীর বলেন, পলোগ্রাউন্ডে চলমান আন্তর্জাতিক বাণিজ্যমেলায় কাপড়ের স্টল বসানো নিয়ে মঈনুদ্দিন ও মোবারকের সঙ্গে আবু আহম্মেদ বাবু ওরফে পিস্তল বাবুর কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে মঈনুদ্দিনকে ছুরিকাঘাত করেন বাবু। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোবারকও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।