হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনার জন্য আজ সোমবার বৈঠকে বসছে মেডিকেল বোর্ড।
বিষয়টি নিশ্চিত করে মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, মেডিকেল বোর্ডে এভারকেয়ার হাসপাতালের ১২ জন চিকিৎসক আছেন। আর বাইরের চিকিৎসক আছেন ছয়জন। বোর্ডের নেতৃত্বে আছেন এভায়কেয়ারের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. শাহবুদ্দিন তালুকদার।
গত শুক্রবার রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। এরপরই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করানো হয়।
গত শনিবার বেলা দুইটা থেকে খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই সময় শেষ হচ্ছে আজ।
গত শুক্রবার দিবাগত রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করোনার পর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। জানা গেছে এর মধ্যে একটি ছিল ক্রিটিক্যাল (জটিল)। সেখানে রিং স্থাপন করা হয়েছে। বাকি দুটি ব্লকের আচরণ কেমন হবে তা এখন বলা মুশকিল। বর্তমানে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল খালেদা জিয়াকে দেখভাল করছেন।
দুর্নীতির অপরাধে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। এরপর করোনাভাইরাসে বেড়ে গেলে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয় খালেদা জিয়াকে। এরপর থেকে গুলশানের বাসায় থাকছেন তিনি।