বহুল প্রতীক্ষিত কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ সকাল ৮টায় শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিন সকাল ৯ টার দিকে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত।
ভোট দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ, তবে যে বিজয়ী হবে তাকে ফুলের মালা দেবো। আমি আশাবাদী লোক, নিরাশার ধারেকাছেও থাকতে চাই না। সবাইকে বলবো আশাবাদী হও। ভোটারদের বলবো, আজকে সারা দিন নৌকা মার্কায় ভোট দিন।’
আরফানুল হক রিফাত বলেন, ‘এখানে দেখলাম ভোটের পরিবেশ চমৎকার। আপনারা দেখেন পোলিং এজেন্টরা সসম্মানে যার যার জায়গায় আছেন। আমি এখন পর্যন্ত চমৎকার পরিবেশ দেখছি।’
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কুমিল্লা সিটিতে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০। এর মধ্যে নারী ১ লাখ ১৭ হাজার ৯২ এবং পুরুষ ১ লাখ ১২ হাজার ৮২৬ জন।
মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট হচ্ছে। ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৮৯টি অতিঝুঁকিপূর্ণ, ৯টি ঝুঁকিপূর্ণ ও ৭টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।