কক্সবাজারের উখিয়া ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- ক্যাম্প ১৫ এর মোহাম্মদ হোসেন (৩০) ও জাহেদ হোসেন (৩০)। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড ৭.৬৫ এম. এম. তাজা গুলি এবং ৬ হাজার ৩০০ ইয়াবা।
এছাড়া পৃথক অভিযানে একটি অটোমেটিক এসল্ট রাইফেল, একটি পিস্তলসহ ৬টি অস্ত্র, ৫ শত রাউন্ড গুলি এবং ৬ হাজার ৩ শত ইয়াবা উদ্ধার করা হয়েছে।
৮ এপিবিএনের ক্যাম্প কমান্ডার কামরান হোসেন জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ১৫- ২০ জন দুষ্কৃতিকারী কয়েকটি ভাগে বিভক্ত হয়ে ক্যাম্প-১৮ থেকে ক্যাম্প-২০ এর দিকে যাওয়ার সংবাদে অভিযান শুরু করে। এ সময় সন্ত্রাসীরা এপিবিএন সদস্যদের লক্ষ করে গুলি চালায়। এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও একটি নীল রং এর ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগটি তল্লাশী করে ১ টি এসল্ট রাইফেল (COLT HARTFORD, USA) এবং ৪৯১ রাউন্ড ৫.৫৬ এম. এম. গুলি পাওয়া যায়।
তিনি জানান, অভিযানে পুলিশের পক্ষ থেকে ৫ রাউন্ড গুলি (৩ রাউন্ড পিস্তল এবং ২ রাউন্ড শটগান) ছোড়া হয়। এই ঘটনায় পুলিশের কেউ হতাহত হয়নি। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।