বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদিয়া এয়ারলাইন্সের কারণে বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের অবর্ণনীয় ভোগান্তি হচ্ছে জানিয়ে তাদের সর্তক করে চিঠি দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৬ জুন) মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সই করা চিঠি দেয়া হয়েছে ওই দুটি এয়ারলাইন্সকে। এমনকি হজযাত্রীদের ভোগান্তির কারণে ক্ষুব্ধ সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ও।
চিঠিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদিয়া এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইটে প্রায় প্রতিদিনই বেশ কিছু সংখ্যক মদিনাগামী হজযাত্রীকে জেদ্দায় নিয়ে যাওয়া হচ্ছে।
ওই সব হজযাত্রীকে দীর্ঘ বিমান ভ্রমণের পর আবার জেদ্দা থেকে ৪৫০ কিলোমিটার দূরে সড়ক পথে মদিনায় নিয়ে যাওয়া হচ্ছে। এতে এসব হজযাত্রীর অবর্ণনীয় ভোগান্তি হচ্ছে।