গাজীপুরের কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে চারটি গোডাউনের বিপুল পরিমাণ ঝুটসহ মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোর পাঁচটার দিকে হামিম খানের ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশে থাকা আরও তিনটি গোডাউনে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে কিন্তু আগুন অন্য গুদামে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে প্রথমে ডিবিএল থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।পরে জয়দেবপুর ও কালিয়াকৈর থেকে আরও তিনটি ইউনিট নেভানোর কাজে যোগ দেন। পাঁচটি ইউনিটের চেষ্টায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে চারটি গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল ও গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। গোডাউন মালিকদের দাবি আগুনে ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, গাজীপুর মহানগরের দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে আগুন লাগার খবর পাই। এতে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে। এখনও আগুন লাগার কারণ ও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।