চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আমজোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
আশরাফুল ওই গ্রামের সামশুদ্দীনের ছেলে।
মৃতের প্রতিবেশী জাহাঙ্গীর আলম জানান, বাড়ির পাশে আশ্রায়ণ প্রকল্পের ঘরের ওপর দিয়ে আসা ডিস (ক্যাবল টিবি) লাইনের তার ছিড়ে পড়েছিল। আশরাফুল ওই তার সরানোর জন্য স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, মরদেহ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।