পূর্ব শক্রতার জের ধরে সাভারের আশুলিয়ায় এক কলেজ শিক্ষককে পিটিয়ে আহত করে বখাটে শিক্ষার্থী।রোববার (২৬জুন) দুপুরে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের জামগড়ার কাঁঠালতলা এলাকায় হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটলেও সকালে চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে তিনি মারা যান।
পুলিশ জানায়,রোববার দুপুরে ওই স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের ক্রিকেট খেলা চলছিলো। এ সময় ওই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা পূর্ব শক্রতার জের ধরে ক্রিকেট খেলার স্ট্যাম দিয়ে মানবিক বিভাগের শিক্ষক উৎপল কুমারকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার সকালে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের ওটি ইনচার্য নাসির উদ্দিন।
পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত ওই কলেজ শিক্ষকের বাড়ি গিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে। এঘটনায় আশুলিয়ায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই এমদাদুল হক বলেন, শিক্ষককে খুনের ঘটনায় আসামিদের আটকের চেষ্টা চলছে।