স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে শনিবার (২৫ জুন)। এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পরের দিন সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় সেতুটি। এতে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও সাশ্রয়ী হলো।
এই স্বপ্নের সেতুর বাস্তবায়ন হওয়ায় সাধারণ মানুষের মতো দেশের তারকারাও অনেক আনন্দিত। এ কারণে উদ্বোধনের দিন চিত্রনায়ক রিয়াজ আহমেদ, ফেরদৌস আহমেদ, চিত্রনায়িকা নিপুণ আক্তার, শমী কায়সার, আফসানা মিমি, জায়েদ খান, অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক এই সেতুর উদ্বোধনের দিন কিংবা পরের দিন অভিনেত্রী মাহিয়া মাহিকে দেখা না গেলেও দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার (২৭ জুন) ভোরে স্বামী রাকিব সরকারকে নিয়ে পদ্মা সেতু ভ্রমণ করেন এই চিত্রনায়িকা।
এদিন ভোর পৌনে ৬টায় মাহি সোশ্যাল মিডিয়া ফেসবুকে লাইভে এসে পদ্মা সেতু দেখান। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘এটা একটা স্মৃতি। এত ভোরবেলা তো কেউ আসে না। আমরা এখন পদ্মা সেতুতে। আমরা কিন্তু ঢাকা থেকে যাচ্ছি না, বরং ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছি।
এ সময় নায়িকার স্বামী বলেন, শুধু আমি না, আমার মতো লক্ষ-কোটি মানুষ অপেক্ষায় ছিল যে কবে উদ্বোধন হবে স্বপ্নের পদ্মা সেতু। কবে যান চলাচল শুরু হবে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে। কবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা উদ্বোধন করবেন। তো যখন পদ্মা সেতু উদ্বোধন হলো তখন আমরা সিলেট ছিলাম। সেখান থেকে গতকালই ফিরেছি আমরা।
এছাড়া তিনি এ সময় পদ্মা সেতু দিয়ে পারাপারের সুবিধার বিষয়গুলো তুলে ধরেন।