রাজধানীর আগারগাঁও নির্বাচন অফিসের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. হাবিবুর রহমান খোকন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আকবর আলী জানান, আমার ছেলে পাসপোর্ট অফিসে কাজ করে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে আগারগাঁও নির্বাচন অফিসের সামনে দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে নিউরোসায়েন্সেস হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।