চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন রেহনুমা ফেরদৌস (২৫) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে পরিবারের দাবী এটি হত্যাকাণ্ড।
রেহনুমা চট্টগ্রাম সিটি করপোরেশনের ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিনের ছেলে নওশাদুল আমিনের স্ত্রী। রেহনুমা ২ বছরের একটি কন্যা সন্তানের জননী।
শনিবার (২ জুলাই) সকাল ১০টায় পাহাড়তলী থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি চসিকের আরেক প্রয়াত কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের সাবেক নেতা তারেক সোলায়মান সেলিমের ভাই তারেক ইমতিয়াজের মেয়ে।
তারেক ইমতিয়াজ বলেন, আমরা গিয়ে আমার মেয়ের মরদেহ বিছানায় পেয়েছি। আমার মেয়েকে তারা নির্যাতন করতো। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা মামলা করবো।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা সেখানে যাই। ঘটনাস্থলে গিয়ে শোয়া অবস্থায় মরদেহ উদ্ধার করেছি। কেউ বাদি হয়ে মামলা করলে আমরা তদন্ত করে দেখবো।