নারায়ণগঞ্জে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ জুলাই) সকালে আড়াইহাজারের উজান গোবিন্দপুর এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন- রাজিয়া সুলতানা কাকলী (৪২) ও তার ছেলে তালহা ইসলাম (৮)। কাকলীর স্বামী মৃত। তিনি ছেলেকে নিয়ে বসবাস করতেন।
জানা গছে, সকালে প্রতিবেশীরা তাদের ঘরের দরজা খোলা দেখতে পায়। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ভেতরে গিয়ে দেখে, তালহার রক্তাক্ত মরদেহ খাটে আর কাকলীর মেঝেতে পড়ে আছে। পরে পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, কাকলীর স্বামী নবীর হোসেন মারা যাওয়ার পর থেকে মা-ছেলে একাই বসবাস করতো। শনিবার (২ জুলাই) রাতে কে বা কারা মা-ছেলেকে গলা কেটে হত্যা করে। কারো সঙ্গে বিরোধ ছিল নাকি ডাকাতরা করেছে তা এখন বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।