গাজীপুরের টঙ্গীর তিস্তার গেট এলাকায় মেঘলা আক্তার নামে গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করার পর থানায় হাজির হয়েছেন স্বামী কবির হোসেন।
সোমবার (৪ জুলাই) সকালে টঙ্গী পূর্ব থানা এলাকায় এ ঘটনা ঘটে। স্বামী কবির হোসেন ও তার দ্বিতীয় স্ত্রী ফাতেমা আক্তারকে আটক করেছে পুলিশ। নিহত মেঘলা ঢাকার তেজগাঁও নাখালপাড়া এলাকার অপু মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, পাঁচ বছর আগে মেঘলাকে বিয়ে করেন কবির। তাদের সংসারে ৬ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন কবির। বিষয়টি জানতে পেরে দুই দিন আগে মেয়েকে নিয়ে স্বামীর বাসায় হাজির হন নিহত মেঘলা। পরে সোমবার (৪ জুলাই) ভোর রাতে বাসায় ঝগড়ার এক পর্যায়ে মেঘলাকে হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন স্বামী কবির ও ফাতেমা।
ঘটনা জানাজানি হলে সকালে বাড়ির মালিকের স্ত্রীসহ এলাকাবাসী ফাতেমাকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাসিবুল আলম জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।