পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে মোটরসাইকেলে করে ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন নাহিদ ফেরদৌস (৩০) নামের এক যুবক। কিন্তু বুধবার রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাগেরহাটের মোল্লারহাটের সরকারি পুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।
নাহিদ ফেরদৌস খুলনার খালিশপুরের মো. নাসির উদ্দিনের ছেলে। তিনি ঢাকার একটি জুতার ফ্যাক্টরিতে চাকরি করতেন।
মোল্লারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আব্দুল হাসান জানান, ঢাকা থেকে ঈদের ছুটিতে বুধবার বিকলে মোটরসাইকেলযোগে খুলনার উদ্দেশ্যে রওনা করেন নাহিদ। রাতে মোল্লারহাটের সরকারি পুকুর এলাকায় মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনের দিকে সজোরে ধাক্কা দেয়। তখন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়।
তিনি বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে মরদেহ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’