জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে এক প্রচার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি’র খবরে বলা হয়, নারা শহরে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় অ্যাবের ওপর গুলি চালায় হামলাকারী। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
টোকিওর প্রাক্তন গভর্নর ইয়োচি মাসুজো এক টুইট বার্তায় জানিয়েছেন, গুলিবিদ্ধ অ্যাবে বর্তমানে কার্ডিওপালমোনারি অ্যারেস্টের শিকার হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, জাপানে আনুষ্ঠানিকভাবে মৃত্যু নিশ্চিত হওয়ার আগে প্রাথমিক প্রতিবেদনে প্রায়ই কার্ডিওপালমোনারি অ্যারেস্ট শব্দটি ব্যবহৃত হতে দেখা যায়।
নিউজ ব্রডকাস্টার এনএইচকে-এর খবরে বলা হয়, বক্তৃতা যখন মাঝামাঝি পর্যায়ে তখন পেছন থেকে গুলিবিদ্ধ হন অ্যাবে। তার শরীর থেকে রক্তক্ষরণ হতে দেখা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলাকারীকে এরইমধ্যে হেফাজতে নিয়েছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক জানিয়েছেন, প্রচার কর্মসূচী চলার সময় আচমকাই গুলির আওয়াজ পাওয়া যায়। তারপরেই দেখা যায়, শিনজো অ্যাবে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছেন।
জাপানে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হলেন শিনজো অ্যাবে। ২০২০ সালে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। পরে জানা যায় তিনি আলসারেটিভ কোলাইটিস নামেক একটি অন্ত্রের রোগে আক্রান্ত।
প্রসঙ্গত, জাপানে হ্যান্ডগান নিষিদ্ধ হওয়ায় দেশটিতে বন্দুক সহিংসতার ঘটনা বেশ বিরল।