চট্টগ্রামের আন্দরকিল্লায় ১২ তলা একটি ভবন থেকে পড়ে নমিতা চৌধুরী (৭১) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১১ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে সিরাজউদ্দৌলা সড়কে এ ঘটনা ঘটে।
নমিতা চৌধুরী ওই সড়কের সিপিডিএল আইরিশ নামে একটি ভবনের ৮ তলায় থাকতেন। তার একমাত্র ছেলে একজন প্রকৌশলী বলে জানা গেছে। তার একমাত্র কন্যা থাকেন অস্ট্রেলিয়ায়। তিনি প্রবীর চৌধুরী নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের স্ত্রী।
পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করলেও ঠিক কি কারণে ৭১ বছর বয়সী এই বৃদ্ধা লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ভবনের ছাদের একটি সিসিটিভির ফুটেজ জব্দ করে পুলিশ। সেখানে দেখা গেছে, নমিতা চৌধুরী একা ছাদে উঠে অনেকক্ষণ ধরে রেলিং বেয়ে উঠার চেষ্টা করছিলেন। একপর্যায়ে তিনি রেলিং বেয়ে পার হন। এরপরই লাফ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে স্বজনরা সেখানে জড়ো হন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির জানান, সিসিটিভির ফুটেজে তাকে একা দেখা গেছে। একাই তাকে রেলিং বেয়ে উঠতে দেখা গেছে। তাই আপাতত আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে যে, কেন তিনি লাফ দিয়েছেন।
মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে রাখা হয়েছে।