বিদ্যুৎ সংকট মোকাবিলায় মঙ্গলবার থেকে সারা দেশে লোডশেডিং শুরু হবে। এরই প্রেক্ষিতে বিদ্যুৎ সাশ্রয়ে মসজিদে শুধু নামাজের সময় এসি চালানোর অনুরোধ জানিয়েছেন বিদ্যু ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিন একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে ধর্মীয় উপাসনালয়ে প্রয়োজনের বেশি এসি না চালানোর অনুরোধ করা হচ্ছে।
১ হাজার মেগাওয়াটের ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সম্পূর্ণ বন্ধ থাকবে উল্লেখ করে নসরুল হামিদ বলেন, এটি সাময়িক ব্যাপার, খুব দীর্ঘমেয়াদি নয়।
এর আগে সকালে রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত প্রধানমন্ত্রী কার্যালয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী। এ সময়ে তিনি বলেন, জ্বালানি তেলের লোকসান কমাতে কাল থেকে সারাদেশ লোডশেডিং শুরু হবে। যেসব এলাকায় লোডশেডিং থাকবে তা আগে থেকেই গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে।
জ্বালানি উপদেষ্টা বলেন, ‘পৃথিবীতে একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে। ইউক্রেনের যে যুদ্ধ, সে যুদ্ধ কিন্তু আমাদেরও যুদ্ধ। ওই যুদ্ধের প্রভাব পড়ছে আমাদের ওপর।’
তিনি আরও বলেন, ‘যাদের অর্থের অভাব নেই, তারাও কিন্তু লোডশেডিং করছে। যুক্তরাজ্যে হচ্ছে, অস্ট্রেলিয়ায় হচ্ছে। উৎপাদনকে কমিয়ে খরচ যাতে সহনশীল হয়, সে পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছি। ডিজেলের বিদ্যুৎ উৎপাদন আপাতত স্থগিত করলাম, তাতে অনেক টাকা সাশ্রয় হবে। মনে রাখতে হবে, ডিজেলের দাম আকাশচুম্বী হয়ে গেছে।’