চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ফ্লাইওভারের নিচের অন্ধকার ঝুপড়িতে গভীর রাতে রিকশা থেকে নামিয়ে নিয়ে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করেছে একদল দুর্বৃত্ত। নির্যাতনের সময় ঐ গৃহবধূর চিৎকার শুনে এক রিকশাচালক ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানালে পুলিশ গিয়ে গৃহবধূকে উদ্ধারের পাশাপাশি তিন ধর্ষককে গ্রেফতার করে। বাকিদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত ১টার দিকে। গ্রেফতারকৃত তিন জন হলো—ফারুক হোসেন, আব্দুর রহমান ও আরিফ।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঘটনাটি সম্পর্কে মহানগরী পুলিশ জানায়, নগরীতে ছয় তরুণের বিরুদ্ধে দলবদ্ধভাবে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে তথ্য পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে। গত রবিবার দিবাগত রাত ১টায় নগরীর খুলশী থানার জিইসি মোড়ে আক্তারুজ্জামান ফ্লাইওভারের নিচে একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার গৃহবধূর বয়স আনুমানিক ২৩ বছর। তার বাসা নগরীর মোজাফফর নগর এলাকায়।
নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা সাংবাদিকদের জানান, ঐ গৃহবধূ রিকশায় করে একা জিইসি মোড় পার হয়ে ষোলশহরের দিকে যাচ্ছিলেন। জিইসি মোড়ে সাদিয়াস কিচেন রেস্তোরাঁর সামনে রিকশার পথরোধ করে কয়েক জন তরুণ। তাকে টানাহ্যাঁচড়া করে ফ্লাইওভারের নিচে অন্ধকারে একটি ভাসমান দোকানের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে ছয় জন মিলে তাকে ধর্ষণ করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্বৃত্তরা গৃহবধূকে নিয়ে যাওয়ার সময় রিকশাচালক হতবাক হয়ে দাঁড়িয়ে থাকেন। শারীরিক নির্যাতনের সময় ঐ গৃহবধূর চিৎকার শুনে রিকশাচালক আব্দুল হান্নান ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় তিন জনকে হাতেনাতে গ্রেফতার হয়। বাকি তিন দুর্বৃত্ত পালিয়ে যায়। পুলিশ ঐ গৃহবধূকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে। গ্রেফতারকৃত তিন জনের কাছ থেকে ঘটনায় জড়িত বাকি তিন জনের তথ্য পাওয়া গেছে। তাদের সবার বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে। এরা জিইসি মোড় এলাকায় থাকে।
#ইত্তেফাক