ময়নসিংহের ভালুকায় বোমা ফাটিয়ে ও গুলি করে স্বর্ণের দোকান লুট করেছে দুর্বৃত্তরা। দোকান মালিক অধীর কর্মকার গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। বুধবার (২০ জুলাই) রাত সোয়া ৯টার দিকে ভালুকা সদরের শহীদ নাজিম উদ্দিন রোডের প্রদীপ জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে।
অধীর কর্মকারের অবস্থা গুরুতর।
তাঁকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অন্যজনকে ভালুকা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় একদল ডাকাত প্রাইভেট কারে করে অধীর কর্মকারের দোকানে আসে। তারা অধীর ও তাঁর ভাই সুধীর কর্মকারকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকানে থাকা প্রায় ২৫০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। পরে তারা বোমার বিস্ফোরণ ঘটায় এবং অধীরকে পায়ে গুলি ও দেশি অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এরপর বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে গফরগাঁওয়ের দিকে পালিয়ে যায়।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়া সাপেক্ষে মামলা করা হবে।