নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলার অভিযান চালিয়ে ৬ প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার (২০ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল পর্যন্ত পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা নিজেদের জ্বীনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ১ কোটি ৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছেন। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ১০টি মোবাইল সিম কার্ড, ১টি ম্যাগনেট ও ১০টি ধাতব মুদ্রা জব্দ করা হয়।
পুলিশ জানায়, আটক প্রতারকরা দীর্ঘদিন ধরে নিজেদের জ্বীনের বাদশা পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। নিজেদের যোগসাজসের মাধ্যমে কখনও মানুষকে লোভে ফেলে, কখনও ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে আসছে। কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে প্রতারণার ঘটনায় মামলা দায়ের করা হবে।