দুইমাস আগে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার এলাকার লোক ও কারুশিল্প জাদুঘর থেকে থানা ও উপজেলা কার্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তায় গ্যাস লাইনের কাজ করে তিতাস কর্তৃপক্ষ। কাজ করার পর রাস্তায় থাকা ম্যানহুলের ঢাকনা খুলে রেখে যায় তারা। কালক্রমে রাতের আধারে ঢাকনাটি চুরি হয়ে যায়। এতে করে সড়কটি পরিণত হয় মরণফাঁদে ।
স্থানীয়রা জানায়, সোনারগাঁ থানা কমপ্লেক্সের পাশ দিয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে যাওয়ার একমাত্র এই সড়কটি দিয়ে শত শত পর্যটক ছাড়াও পুলিশ সদস্যরা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা আসা যাওয়া করেন।
ম্যানহোল না লাগানোর এই গাফিলতির ফলে ইতিমধ্যেম এ সড়ক দিয়ে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশেপাশের মসজিদের মুসল্লীরা ও মাদ্রাসার শিক্ষার্থী চলাচল করতে গিয়ে একাধিকবার দুর্ঘটনার কবলে পরে আহত হয়েছে।
এদিকে, ঢাকনা না থাকার কারণে ইতোমধ্যে অনেক গাড়ির চাকা এই ম্যানহুলে আটকে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। ম্যানহুলের গর্তে পড়ে আহত হয়েছেন অনেক মোটরবাইক ও অটোরিকশা-চালকসহ বৃদ্ধ-পথচারী।
এ বিষয়ে সোনারগাঁও পৌরসভার স্থানীয় কমিশনারকে কয়েক দফা জানানোর পরও কোন পদক্ষেপ নেয়নি বলে জানান এলাকাবাসী।
এবিষয়ে তিতাস সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মেজবা উর রহমানকে একাধিকবার জানানোর পরও কোন ব্যবস্থা গ্রহণ করেননি,তবে বিষয়টি তারা ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিবেন বলে জানা গেছে।